রাজনীতিকদের পোস্ট যাচাই করবে না ফেসবুক

২৫ সেপ্টেম্বর, ২০১৯ ১২:১৬  
রাজনৈতিক বিতর্ক থেকে দূরে থাকতে রাজনীতিকদের পোস্ট নিয়ে আর মাথা ঘামাবে না ফেসবুক। ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে রাজনৈতিক বিতর্ক এড়াতেই ফেসবুক এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। ফলে বিজ্ঞাপন দিতে না পরালেও রাজনীতিবিদরা এখন থেকে ইচ্ছে মতো পোস্ট করতে পারবেন। সহিংসতা ছড়ানোর কোনো পোস্ট ছাড়া ফেসবুকের নিয়মনীতি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হবেন না। ফেসবুকের নীতিমালায় বিশেষ সুবিধা দেয়ার এ পদ্ধতি অনেকটাই মাইক্রোব্লগিং সাইট টুইটারের মতো কাজ করবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ। এক প্রতিবেদনে অনলাইনটি জানিয়েছে, সম্প্রতি আটলান্টিক ফেস্টিভ্যাল নামের এক আয়োজনে নতুন এ নীতিমালার কথা জানিয়েছেন ফেসবুকের যোগাযোগ বিভাগের প্রধান নিক ক্লেগ। পরে এক ব্লগ পোস্টে তিনি লিখেছেন, যদি কোনো রাজনীতিবিদ ফেসবুকের নীতিমালা লঙ্ঘনের কোনো বক্তব্য দেন বা কোনো বিষয় শেয়ার করেন, তবে তা ফেসবুকে অনুমোদন পাবে। জনগণের আগ্রহের কথা বিবেচনা করেই বিষয়গুলো রাখা হবে। রাজনৈতিক নেতাদের বক্তব্যকে খবরের উপযোগী কনটেন্ট হিসেবে বিবেচনা করা হবে। তাদের বক্তব্য ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের কাছে পাঠানো হবে না। ব্যতিক্রম হবে অর্থ পরিশোধ করে দেয়া বিজ্ঞাপন ও সহিংস কনটেন্ট। ক্লেগ বলেন, আমরা বাকস্বাধীনতা দেয়ার ক্ষেত্রে চ্যাম্পিয়ন। রাজনৈতিক কনটেন্ট ফিল্টার ও সেন্সর করা হলে ফেসবুকের উদ্দেশ্য প্রতিফলিত হয় না। কোন রাজনীতিবিদ কী বলেছেন, তা যাচাই করার দায়িত্ব ফেসবুক নেয় না।